শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে রাঙামাটিতে অনির্দিষ্টকালের সড়ক ও নৌপথ পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

ধর্মঘটের কারণে বুধবার সকাল থেকে রাঙামাটির ১৪টি সড়ক ও ৬টি নৌ রুটে বাস ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শহরের একমাত্র বাহন সিএনজি চালিত অটোরিকশাও চলাচল বন্ধ থাকায় অনেকটা অচল হয়ে পড়েছে রাঙামাটি।

ফলে দুর্ভোগে পড়েছে শহরবাসী। অফিসগামী লোকজন পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি মাইনুদ্দিন সেলিম জানান, শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত রাঙামাটির সড়ক ও নৌপথে পরিবহন ধর্মঘট চলবে।

শহরের ছয় পরিবহন শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে সোমবার রাতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে রাঙামাটি সড়ক ও নৌপথ মালিক শ্রমিক ইউনিয়ন পরিষদ।

হামলাকারী ৯জনের মধ্যে দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনু সোহেল ইমতিয়াজ।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর