শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোর এক ছটাক জায়গাও লিজ কিংবা বিক্রি করা হবে না বলে সাফ জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেন, এসব খালি জায়গায় নতুন করে শিল্প কারখানা গড়ে তোলা হবে। স্বাধীনতা-উত্তর বঙ্গবন্ধু সকল কলকারখানা জাতীয়করণের মাধ্যমে জনগণের স্বার্থ সুরক্ষা করলেও পরবর্তীতে অন্যান্য সরকারের আমলে গোষ্ঠিস্বার্থে রাষ্ট্রায়ত্ত কারখানা ব্যক্তি মালিকানায় ছেড়ে দেয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

শিল্পমন্ত্রী আজ ইপিআই কার্যক্রমে মাঠ পর্যায়ের ব্যবহারের জন্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড সংযোজিত ৫৬২টি মোটরবাইক হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন। টঙ্গীর এটলাস বাংলাদেশ লিমিটেড কার্যালয়ে আজ এ অনুষ্ঠান আয়োজন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে বিশেষ অতিথি ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিদেশি বিনিয়োগের উত্তম পরিবেশ বিরাজ করায় ইউরোপসহ উন্নত দেশের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছে। তাদের বিনিয়োগ প্রত্যাশা মেটাতে সরকার নতুন নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে।

আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইতোমধ্যে বাংলাদেশে বিস্ময়কর উন্নয়ন হয়েছে। এর ধারাবাহিকতা অব্যাহত রেখে ২০১৮ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্য সেবার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। স্বাস্থ্য সেবার জোরদারের লক্ষ্যে ইতোমধ্যে প্রত্যেক উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তার জন্য যানবাহন এবং রোগীদের জন্য অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়েছে। জনগণের অর্থে কেনা মোটরবাইক জনগণের স্বাস্থ্য সেবার উন্নয়নে ব্যবহারের জন্য তিনি ইপিআই কর্মিদের নির্দেশ দেন।

মোহাম্মদ নাসিম বলেন, স্বাস্থ্যকর্মিদেরকে বাড়ি বাড়ি গিয়ে টিকাদানের পাশাপাশি পরিবারের কেউ নিখোঁজ রয়েছে কী-না, সে সম্পর্কে খোঁজ-খবর নিতে হবে। সংশ্লিষ্ট এলাকার কেউ নিখোঁজ থাকলে কিংবা জঙ্গি দলে সম্পৃক্ত হবার সন্দেহ হলে তার সম্পর্কে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খবর দিতে হবে।

পরে শিল্পমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ইপিআই কর্মিদের হাতে মোটরবাইকের চাবি তুলে দেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, বিএসইসি’র চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাবিব আবদুল্লাহ সোহেল, এটলাসের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আবুল কাশেম বক্তব্য রাখেন।

এফএফ