চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৭৫ শতাংশ।

আজ সোমবার (১১ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে ছয়টি ল্যাবে ১৪৫টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩১ জন নগরের বাসিন্দা। বাকি দুই জন মিরসরাইয়ে বাসিন্দা।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৫ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।