রংপুরে বিএনপি ও জামায়াতের চার কর্মীসহ ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান- রংপুরের কোতয়ালী থানা পুলিশ জামায়াতের একজন, মিঠাপুকুর থানা পুলিশ জামায়াত-শিবিরের ২জন, ও বদরগঞ্জ থানা পুলিশ বিএনপির একজন কর্মীকে গ্রেফতার করেছে।

গ্রেফতার বিএনপি ও জামায়াত শিবিরের এ চার জনের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। তাদেরকে পুলিশী হেফাজতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে, জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর মো. সেলিম জানান, জেলা পুলিশ একই সময়ে বিশেষ অভিযানে মাদক সেবন, মাদক বিক্রি, জুয়া, ছিনতাই, ডাকাতি, হত্যা, খুনসহ জিআর ও সিআর মামলায় ৩৩ জনকে গ্রেফতার করে।

এমকে