বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। প্রতিদিনই নতুন নতুন দেশে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এরই মধ্যে বাংলাদেশেও এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।
গতকাল (১৭ মার্চ) পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ জন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
চলতি বছরে ডেঙ্গুর প্রকোপও বেড়েছে। চলতি বছর এ পর্যন্ত ২৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে।
গত বছর এই সময়ে এই সংখ্যা ছিল ৭৩ জন। অর্থাৎ গত বছরের প্রথম তিন মাসের তুলনায় এবছর রোগীর সংখ্যা ৩ দশমিক ৬ গুন বেশি।
স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম) ডা. আয়েশা আক্তার জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত ২৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬২ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১জন। গত ২৪ ঘন্টায় নতুন কোন রোগী ভর্তি হয়।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রন ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর এর তথ্য মতে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যু ঘটেনি।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বরের শেষদিন চীনের উহানে শনাক্ত হয়েছিল প্রাণঘাতী নভেল করোনাভাইরাস। প্রায় তিন মাস চীনে তাণ্ডব চালিয়েছে, এখন গোটা বিশ্বেই আতঙ্ক ছড়াচ্ছে এই মহামারি।
ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত এতে মারা গেছেন ৭ হাজার ৯৬৫ জন, আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯৮ হাজার ১২৯ জন।
এখনও করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের সংখ্যা এর উৎস দেশ চীনে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ২২৬ জন। আর আক্রান্ত হয়েছেন প্রায় ৮০ হাজার ৮৮১ জন।
এমবি





