নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির পরিচয়সূত্র এখনো জানা যায় নি বলে পুলিশ সূত্রে জানা যায়। শনিবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে জমিদারহাট বাজার সংলগ্ন পপুলার বিস্কুট কারখানার সামনে থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ওই ব্যাক্তি ফেনী-নোয়াখালী মহাসড়কের আহম্মদ পপুলার বিস্কুট কারখানার সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্র্রুত গতির ট্রাক তাকে চাপা দেয়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চৌমুহনী হাইওয়ে পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মুক্তার আহমদের জানান, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোহেল/জেড





