ড. শফিউল ইসলাম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নগরীতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজশহী মহানগরীর জিরো পয়েন্টে তারা এ মানববন্ধন কর্মসুচির আয়োজন করে। এতে সংহতি জানায় রাবির সমাজবিজ্ঞান বিভাগ, রাজশাহীর নাগরিক সমাজ এবং রাবি শাখার শ্রমিক ফেডারেশন।
শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণব কুমার পান্ডের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, রাবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন, সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ওয়ারদাতুল আকমাম, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক জাহিদুল হাসান, রাবি শিক্ষক অধ্যাপক ড. আব্দুস সাত্তার তাপু. অধ্যাপক ফাইজার রহমান, অধ্যাপক ড. শামসুল আলম সরকার, জাসদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক আনন্দ কুমার সাহা, মুক্তিযুদ্ধ পাঠাগারের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন রাবি শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান মজুমদার।
বক্তারা বলেন, জাতিকে মেধাশূন্য ও রাজনৈতিক সংকটে ফেলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। তিন বছর পর পর রাবি ক্যস্পাসে শিক্ষক হত্যাকা-ের ঘটনা ঘটছে। এরপর খুনীদের টার্গেট কে তা কে জানে। তাই এই দোষীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। অন্যথায় এর ফল সবাইকে ভোগ করতে হরে বলেও হুশিয়ারি প্রদান করেন বক্তারা।
এদিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরে বিকেল ৪টার দিকে ড. শফিউল হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক রাসিক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সমাবেশে যোগদেন রাবি ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
এসএইচ





