খুলনার দিঘলিয়ায় আওয়ামী লীগের এক কর্মী খুন হয়েছেন। নিহতের নাম টিপু শেখ (৫০)।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌঁনে ৬টার দিকে উপজেলার গাজিরহাট ইউনিয়নের পদ্মবিলা গ্রামে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

গ্রামবাসী জানান, গ্রামের বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ প্রথমে তার মাথায় ইট দিয়ে আঘাত করে। পরে তাকে কুপিয়ে এক পা পুরো বিচ্ছিন্ন ও অপর পা অর্ধেক বিচ্ছিন্ন করে ফেলা হয়।

খুলনা জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচুর রহমান জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে টিপু শেখকে কয়েকজন ঘিরে ধরে কুপিয়ে শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন করে ফেলে। এরপর তারা পালিয়ে যায়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত টিপু শেখ পদ্মবিলা গ্রামের সোনাউল্লাহর ছেলে বলে জানান পুলিশ সুপার।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানস চন্দ্র দাস বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

এমবি