আগামী ২৮ এপ্রিলের ভোট উপলক্ষে উত্তর ও দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনে মেয়র ও কাউন্সিলর পদে আগ্রহী প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হচ্ছে।
নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে প্রথম দিন বুধবার দুপুর পর্যন্ত দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপি’র আহ্বায়ক মির্জা আব্বাস ও মহানগর বিএনপি অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালামের মনোনয়ন পত্রের বৈধতা দেয়া হয়েছে। এছাড়া আওয়ামী লীগ নেতা সাঈদ খোকনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেয়া হয়েছে।
বিডিয়ার বিদ্রোহ মামলায় যাবৎজীবন সাজাপ্রাপ্ত হওয়ায় নাসির উদ্দিন পিন্টুর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। ঋলখেলাপি হওয়ায় বাবুল সরদার চাখারী এবং জাতীয় পরিচয় পত্রে ভুল ও আয়কর রিটার্ন দাখিল না করায় বিএনপি নেতা রেজাউল করিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ঢাকা দক্ষিণে ৩১জন মনোনয়ন পত্র উঠালেও ২৬ জন মনোনয়নপত্র দাখিল করেছে। এর মধ্যে ২৩ জনের মনোনয়ন পত্র বৈধ হয়েছে বাকি ৩ জন প্রার্থীকে বাতিল করেছে।
মনোনয়নপত্র বৈধতা দেয়া অন্যান্যরা হচ্ছেন, বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. এস এম আসাদুজ্জামান রিপন, আলহাজ্ব কাজী আবুল বাশার, সাবেক সাংসদ গোলাম মাওলা রনি, বিএনএফ’র মোহাম্মদ শফিউল্লাহ চৌধুরী, সিপিবি-বাসদ সমর্থিত বজলুর রশিদ ফিরোজ, মেস সংঘের মহাসচিব মো. আকতার উজ্জামান আয়াতুল্লা, ভাড়াটিয়া পরিষদের সভাপতি মো. বাহরানে সুলতান বাহার, মো. রিয়াজ উদ্দীন, শাহীন খান, মোহাম্মদ সাইফুদ্দীন, মো. আব্দুল খালেক, অ্যাডভোকেট মোহাম্মদ আয়ুব হুসেন, দিলীপ ভদ্র, মো. জাহিদুর রহমান, মো. শহীদুল ইসলাম, মশিউর রহমান, এএসএম আকরাম, মো. আব্দুর রহমান, আবু নাছের মুহাম্মদ মাসুদ হোসাইন, মো. ইমতিয়াজ আলম।
অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের ব্যবসায়ী নেতা আনিসুল হক, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল, বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক মাহী. বি চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের বহিষ্কৃত উপদেষ্টা ববি হাজ্জাজ, সিপিবির জুনায়েদ সাকি ছাড়াও আব্দুল্লাহ আল ক্বাফী, বাহাউদ্দিন আহমেদ বাবলুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এই সিটি করপোরেশনে আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল বিষয়ে বলা হয়েছে, আবদুল আউয়ালকে সমর্থনকারী ব্যক্তি ঢাকা সিটি করপোরেশনের নাগরিক নন। ঢাকা উত্তরে মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।
উত্তরের বৈধ অন্যান্য প্রার্থীরা হলেন, এ ওয়াই এম কামরুল ইসলাম, কাজী মো. শহীদুল্লাহ, চৌধুরী ইরাদ আহম্মদ সিদ্দিকী, নাদের চৌধুরী, মো. আনিসুজ্জামান খোকন, মো. শামছুল আলম চৌধুরী, মোস্তফা কামাল আজাদী, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, শেখ মো. ফজলে বারী মাসউদ, শেখ শহিদুজ্জামান ও সারা বেগম কবরী।
ইসির তফসিল অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবারও এই যাচাই-বাছাই চলবে। এরপর ৯ এপ্রিল পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ভোট হবে ২৮ এপ্রিল।
এমএ/এএইচ





