কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রাম গোরস্থানে লাশ দাফনের জায়গা নির্ধারণকে কেন্দ্র করে স্থানীয় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গ্রামবাসী প্রায় ১ঘন্টা কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়ক অবরোধ করে রাখে।
সোমবার সকালে ভেড়ামারার ৩নং ব্রীজ এলাকায় এঘটনাটি ঘটে।
গোরস্থান কমিটির সহ-সভাপতি মোকাদ্দেস হোসেন মোকার অনৈতিক আবদার এবং এক বৃদ্ধকে মারপিট করলে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।
সংঘর্ষে কমপক্ষে ৭জন আহত হয়েছে। এরমধ্যে আশংকাজনক অবস্থায় ফজলুল হক নামের একজনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পূর্ব ভেড়ামারা গ্রামের বয়েন উদ্দীন মিস্ত্রী’র ছেলে আছাব আলী (৪৫) মৃত্যু বরণ করেন। সোমবার সকালে নিহতের চাচাতো ভাই ফজলুল হক (৬৫) লাশ দাফনের জন্য চাঁদগ্রাম গোরস্থানে যায়। এসময় কবর’র জায়গা নির্ধারণের জন্য গোরস্থান কমিটির সহ-সভাপতি মোকাদ্দেস হোসেন মোকা’র সাথে আলোচনা করে।
সুযোগ বুঝে মোকাও কিছু টাকা হাতিয়ে নেওয়ার উদ্দ্যেশে তাকে নিচু একটি জায়গায় কবর দেওয়ার জায়গা দেখিয়ে দেয়। ওই নিচু জায়গায় কবর হলে কবরে পানি ওঠে যাবে একথা মোকাকে বারবার বোঝানোর চেষ্টাকরেও কোন লাভ হয়নি।
অভিযোগ উঠেছে, এসময় অসৎ মোকা কিছু টাকা দাবী করে ফজলুল হকের কাছে। টাকা দিতে অস্বিকৃতি জানিয়ে ফজলূল হক বলে সব জায়গায় ব্যবসা। এতেই ক্ষিপ্ত হয়ে উঠে মোকা ফজলুল হককে বেধড়ক মারপিট করে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনা দ্রুত ছড়িয়ে পড়লে পূর্ব ভেড়ামারা এবং চাঁদগ্রাম এ দু গ্রামবাসী দেশীয় এবং ধারালো অস্ত্র দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং গোরস্থান কমিটির দূনীতিবাজ সহ-সভাপতি মোকার শাস্তির দাবী জানিয়ে স্থানীয়রা ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রাখে। পরে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ১ঘন্টা পর প্রধান সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেয় গ্রামবাসী।
উল্লেখ্য, প্রায় ৪ বছর পূর্বে মোকাদ্দেস হোসেন মোকা একই ঘটনা ঘটায়। ওই সময় স্থানীয় আজি সর্দ্দারের পুত্র আজির উদ্দীনকে মারপিট করলে সে ঘটনা স্থলেই মারা যায়।
চাঁদগ্রাম গোরস্থান কমিটির সভাপতি আবুল হোসেন জানিয়েছেন, কবরের জায়গা নির্ধারণকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্র পাত। তিনি বলেন, মোকার বিরুদ্ধে এলাকাবাসীর বিস্তর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমকে





