রাজশাহী বিভাগের ৮ জেলায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের মেয়াদ বগুড়ায় ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে। বগুড়া জেলায় মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা হরতাল কর্মসূচি দেওয়া হয়েছে।

রোববার সকাল ১০টায় শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়ে হরতাল সমর্থনে মিছিল ও সমাবেশ করে জেলা বিএনপি।

এই সমাবেশে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ঘোষণা করেন, ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গণগ্রেফতারের প্রতিবাদে রাজশাহী বিভাগে ডাকা ৩৬ ঘণ্টার হরতালের মেয়াদ আরও বাড়িয়ে বগুড়া জেলায় মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত চলবে। তিনি গণগ্রেফতার বন্ধ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

অপরদিকে সকাল ৮টায় শহরের চারমাথায়, ৯টায় কলোনি এবং সোয়া ১০টায় সাবগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত-শিবির। এসময় তারা রাস্তায় পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। সাবগ্রামে দ্বিতীয় বাইপাস সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে।

ইআর