বাগেরহাটে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বাগেরহাটে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩০জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়।

শনিবার দুপুর সোয়া ৩টার দিকে বাগেরহাট সদর উপজেলার পিরোজপুর-বাগেরহাট মহাসড়কের ফতেপুর গোডাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের বাগেরহাট সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রতক্ষদর্শীরা জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যোগদানের জন্য বাগেরহাট থেকে সুন্দরবন পবিবহনের একটি বাস যাত্রী নিয়ে কচুয়া উপজেলার ভাঙা গ্রামে যাচ্ছিল। বাসটি পিরোজপুর-বাগেরহাট মহাসড়কের ফতেপুর গোডাউন এলাকায় পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা পিরোজপুর থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লোকাল বাসের ড্রাইভারসহ অন্তত ৩০ জন আহত হন।

এদের মধ্যে পিরোজপুরের মো. হাফিজুর সরদার, তার দুই সন্তান লামিয়া আক্তার ও হামিদ সরদার, হাফিজুরের মা সুফিয়া বিবি, বগুড়ার জাহিদুল ইসলাম, পিরোজপুরের ভাণ্ডারিয়া এলাকার মনসুর আলী মাতব্বর, তার স্ত্রী লাবনী আক্তার, মেয়ে আঁখি আক্তার, বাগেরহাট সদর উপজেলাপর বৈটপুর এলাকার নুরল ইসলাম, বাসাবাটি এলাকার হাফিজুর ও রেজাউল ইসলামসহ ১৪ জনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে বাগেরহাট মডেল থানার ওসি আলী আজম খাঁন জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠায়। এদের মধ্যে দু’ জনের অবস্থা গুরুতর।

এঘটনায় বাস চালক বা হেলপার কাউকে আটক করা যায়নি।

ঢাকা, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ