চীনের রাষ্ট্রপতি শি জিনপিং-এর সঙ্গে বৈঠকের উদ্দেশে নিজ বাসভবন থেকে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার বিকেল ৪টা ৩৩ মিনিটে খালেদা জিয়া তার গুলশানের বাসভবন (ফিরোজা) থেকে হোটেল লা মেরিডিয়ানের উদ্দেশে রওনা হন।

চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য জানান।

তিনি জানান, বিকেল ৫টায় হোটেল লা মেরিডিয়ানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চীনের রাষ্ট্রপতি শি জিনপিং-এর সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন বলেও জানান শায়রুল কবীর।

এর আগে দুই দিনের সফরে শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে বাংলাদেশে আসেন চীনা রাষ্ট্রপতি শি জিনপিং। রাষ্ট্রপতি আবদুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি টার্মিনালে চীনা প্রেসিডেন্টকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানান।