দুর্গাপূজা ও আশুরা উপলক্ষে ৫ দিনের ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে এ বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরু হয়।

প্রথমদিনে বন্দর কর্মমূখর না হলেও বন্দরের সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে ফিরলে আবারো পুরোদমে কর্মচঞ্চল হয়ে উঠবে এই বন্দর।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক প্রতিবেদককে জানান, ছুটি শেষ হলেও অনেকের মধ্যে এখনও পূজার আমেজ কাটেনি। যেসব অফিস চালু হয়েছে সেগুলোতেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম। আগামী দু’একদিনের মধ্যেই স্বাভাবিক কর্মব্যস্ততা ফিরে আসবে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল জব্বার জানান, রবিবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ভারত থেকে ৪০টি ট্রাক আমদানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। আর বেনাপোল থেকে ২০ ট্রাক বাংলাদেশি পণ্য নিয়ে ভারতে গেছে।

এদিকে, বেনাপোল-পেট্রাপোল বন্দর টানা ৫ দিন ছুটির কবলে পড়ায় বন্দরে আমদানি-রফতানি পণ্য খালাসের অপেক্ষায় জট বেধেঁছিল। বাণিজ্য কার্যক্রম শুরু হওয়ায় সে জট কমতে শুরু করেছে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) নিতাই চন্দ্র সেন ব্রেকিংনিউজকে জানান, দ্রুত পণ্য খালাসের জন্য সংশিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস সুপারেনটেন্ট মাজহারুল ইসলাম জানান, গত ৫ দিনের বন্ধ থাকায় কোনো প্রভাব পড়েনি বেনাপোল চেকপোস্টে। ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল ছিল স্বাভাবিক।

এমএ