খুলনার রূপসা উপজেলার রহিমনগর এলাকায় ফারুক হোসেন মোল্লা (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বুধবার রাত ১০টার দিকে স্থানীয় রহিমনগর শেখ বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক পূর্ব রূপসাস্থ ফ্রেশ ফুডস লিমিটেড নামক এক মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় রিসিভ ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তিনি রূপসা উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মনির হোসেনের বড় ভাই।
নিহতের স্বজনরা জানান, রাতে ফারুক উপজেলার সিংহের চর এলাকায় তার বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি কাস্টমঘাট সংলগ্ন স্থানীয় রহিমনগর শেখ বাড়ি এলাকায় গেলে সন্ত্রাসীরা কাছ থেকে তার মাথায় গুলি করে।
এতে তিনি লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কি কারণে এবং কারা তাকে হত্যা করতে পারে- স্বজনরা সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি।
নিহত ফারুক হোসেন সিংহের চর এলাকার মৃত. আব্দুল খালেক মোল্লার ছেলে।
এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন জানান, তিনি ঘটনা শুনেছেন। কিন্তু কোথায়, কারা এবং কাকে হত্যা করা হয়েছে- সে বিষয়ে তিনি কোনো তথ্য জানেন না।
এমকে





