অনলাইনে নিবন্ধিত অতিরিক্ত হজ্ব যাত্রীদের কোটা বৃদ্ধি করতে সরকারের কাছে আবেদন জানিয়েছে হজ্ব এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আবেদন জানান হাব সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৫ সালে হজ্ব যাত্রীর সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১লক্ষ্য ১হাজার ৭১৮জন। এর মধ্যে সরকারি ভাবে ১০ হাজার ও বেসরকারি ভাবে ৯১হাজার ৭১৮জন।
হজ্ব গমনেচ্ছুদের অনলাইনে নাম নিবন্ধন প্রক্রিয়া চালু করায় বাংলাদেশের জন্য বরাদ্দের অতিরিক্ত প্রায় ২৫হাজার যাত্রী নিবন্ধন করেছে। এসব যাত্রীদের হজ্বে যাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
একই সঙ্গে সরকারি নিয়মনীতি মেনে হজ্ব গমনেচ্ছু যাত্রীদের মধ্যে দেখা দেয়া অনিশ্চয়তা দূর করতে বাংলাদেশের জন্য হজ্ব যাত্রীর কোটা বৃদ্ধি করা খুবই জরুরী।
তাই সৌদি সরকারের সঙ্গে আলোচনা করে বাংলাদেশের জন্য আরও ২৫হাজার যাত্রীর কোটা ব্যবস্থা করতে মন্ত্রীর কাছে আবেদন করেন হাব সভাপতি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, হাব মহাসচিব শেখ আব্দুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কবির খান, সহ-সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, যুগ্ম সচিব ফরিদ আহমেদ মজুমদার, অর্থ সচিব মোজাম্মেল হোসেন কামাল প্রমুখ।
উল্লেখ্য ২০১৫ সালে হজ্ব গমনেচ্ছুদের পূর্নাঙ্গরূপে ই-হজ্ব পদ্ধতিতে নাম নিবন্ধনের প্রথা চালু করায় প্রত্যেক এজেন্সিই নিজেদের ইচ্ছেমত নিবন্ধন করেছে। যে কারণে প্রায় ২৫ হাজার যাত্রীর হজ্বে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এমএ/ইআর





