চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর এলাকা হতে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে একটি ইঞ্জিন চালিত বোটে অভিযান চালিয়ে বাংলাদেশের ১৫ জন নাগরিককে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
আজ বৃহস্পতিবার (১২-০২-২০১৫) ভোরে নৌবাহিনীর এন্টি স্মাগলিং সেলের সদস্যদের পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
কমান্ডার এম আতিকুর রহমান এর নেতৃত্বে এন্টি স্মাগলিং সেলের একটি টহল দল চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরের ১ নম্বর বয়া ও তৎসংলগ্ন এলাকায় টহল প্রদানকালে সন্দেহজনক বোটটিকে ধাওয়া করে।
পরবর্তীতে বোটটিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মালয়েশিয়াগামী যাত্রীদের আটক করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের পতেঙ্গা থানায় এবং বোটটি কাষ্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে সমুদ্র এলাকা ও বহিনোঙ্গরে অবৈধ মাদক পাচার, চোরাচালান, মানবপাচার বৃদ্ধি পাওয়ায় তা রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনীর একাধিক অপারেশন্স দল ও জাহাজ সার্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছে।
এ ব্যাপারে নৌবাহিনী ব্যাপক তৎপরতা বৃদ্ধি করেছে এবং সাম্প্রতিককালে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
এসএইচ





