মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ফলাফল বাতিলের দাবিতে বুধবার দুপুরে রংপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর স্থানীয় ব্যবসায়ীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।

এ সময় আন্দোলনকারীদের মধ্যে এক শিক্ষার্থীকে ‘শিবিরকর্মী’ সন্দেহে পুলিশ ভ্যানে ওঠানো হলেও পরে অভিভাবকদের চাপের মুখে তাকে ছেড়ে দেয় পুলিশ। এ ঘটনার পর পরই প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি চালানোর সময় পুলিশ তাদের রাস্তা থেকে সরে যেতে বলে। পরে তারা প্রেস ক্লাবের বারান্দায় উঠেন।

এ সময় হঠাৎ তাদের ওপর হামলা চালায় মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিলন। এতে সাইমুন ও হবি নামে দুই শিক্ষার্থী আহত হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী মোখলেছুর রহমান, মাসুম, কথা, তিশা প্রমুখ। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে মহানগর ব্যবসায়ী সমিতির নেতা রেজাউল ইসলাম মিলন এই অভিযোগ অস্বীকার করে জানান, শিক্ষার্থীরা সকাল থেকে সামনের সড়ক অবরোধ করলে প্রেস ক্লাব ভবনের নিচে বিভিন্ন দোকানদাররা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

কারণ তীব্র যানজটের কারণে তাদের ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। এ জন্য আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের বাগবিতণ্ডা হয়েছে মাত্র।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এসএইচ