পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় উপ-সহকারি ভূমি কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার পাবনার বেড়া, সুজানগর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেড়ায় ট্রাকের ধাক্কায় চাঁদ আলী সরদার (৫০) নামের এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন এবং আজিজুল হক (৪০) নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে বেড়া সিএন্ডবি ফায়ার সার্ভিসের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চাঁদ আলীর বাড়ি বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের দমদমা গ্রামে।

স্থানীয়রা জানান, বেলা ১টার দিকে চাঁদ আলী ও আজিজুল হক ভ্যানে সবজি নিয়ে বাজারে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিস স্টেশনের কাছে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চাঁদ আলীর মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় আজিজুল হককে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অপরদিকে সুজানগরে সড়ক দুর্ঘটনায় উপ-সহকারি ভূমি কর্মকর্তা পাবনা পৌর সদরের নুরপুর মহল্লার আসাদুজ্জামান লিটন (৪৫) ও সিএনজিচালক সদর উপজেলার ভাড়ারা গ্রামের জিফাত সরদারের ছেলে মিজানুর রহমান মিজান (৩৫) দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আরও তিনজন আহত হয়েছেন।

সুজানগর থানার ওসি ওবাইদুল হক জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সুজানগর থেকে একটি পিকআপ ভ্যান পাবনার দিকে যাচ্ছিল। পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কের তাঁতীপাড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশা উল্টে চালকসহ ৫ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটন ও মিজানকে মৃত ঘোষণা করেন।

এমই