শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘মাদ্রাসা শিক্ষার অর্থ কুরআন, হাদিস, ফিকাহ পড়ে যোগ্য আলেম তৈরি হওয়া। আমরা প্রকৃত আলেম তৈরি করতে চাই। যারা ইসলামকে বিশ্লেষণ করে জাতিকে সঠিক দিক নির্দেশনা দেবে। ইসলামী মূল্যবোধ তৈরিতে সহায়তা করবে।’
তিনি বলেন, ‘নৈতিক শিক্ষার ভিত্তি হচ্ছে মাদ্রাসা শিক্ষা। এ কারণে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে।’
শুক্রবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে জমিয়াতুল মোদার্রেছিন আয়োজিত ‘মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন বিষয়ক’ এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জমিয়াতুল মোদার্রেছিন দিনাজপুর জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা হাসান মাসুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক আহমদ শামিম আল রাজী, জমিয়াতুল মোদার্রেছিনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বলি আহমদ মোমতাজী।
অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমদ হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, জেলার বিভিন্ন মাদ্রাসার প্রধানগণসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় দিনাজপুর জিলা স্কুল মাঠে চতুর্থ পদার্থ বিজ্ঞান ও সপ্তম গণিত উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী। ওই অনুষ্ঠানেও তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





