যশোরে অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথার ডানপাশে গুলিবিদ্ধ ছিল। সন্ত্রাসীদের দু’পক্ষের বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন বলে পুলিশের দাবি। শনিবার ভোর চারটার দিকে যশোর শহরের খোলাডাঙ্গা এলাকা থেকে তার লাশ উদ্ধার এবং সেখান থেকে অস্ত্র গুলি ও বোমা উদ্ধার করা হয়।
নিহতের পরনে সাদার পরে প্রিন্ট একটি থ্রি কোয়ার্টার প্যান্ট ছিল। গুলিতে মুখের একপাশ ছিন্নভিন্ন হয়ে যায়। কোতয়ালী থানার ওসি একেএম আজমল হুদা সাংবাদিকদের জানিয়েছেন, ভোর পৌনে চারটের দিকে তাদের কাছে খবর আসে শহরের খোলাডাঙ্গা এলাকায় সন্ত্রাসীদের দুটি গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ওইসময় খোলাডাঙ্গা এলাকার সোহরাবের চাতালের পাশে অজ্ঞাত এক গুলিবিদ্ধ যুবককে পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।
তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি রিভলবার, এক রাউন্ড গুলি, ৫টি বোমা, দুটি রামদা এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। নিহত যুবক ভাইপো সাইদ কিংবা শাওন কি না- এমন প্রশ্নের জবাবে ওসি একেএম আজমল হুদা বলেন, ‘নিহতের পরিচয় পাওয়া যায়নি।’ যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ এপ্রিল দুপুরে যশোর পৌরপার্ক এলাকা থেকে সন্ত্রাসী ভাইপো সাইদ এবং শাওন নামে দু’যুবককে আটক করা হয় বলে তাদের পরিবার দাবি করে। পুলিশ প্রথমে অস্বীকার করলেও রাতে অভিযান চলাকালে মণ্ডলগাতি এলাকা থেকে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যায় মর্মে তাদের বিরুদ্ধে মামলা করা হয় কোতয়ালী থানায়। একইদিন রাতে খোলাডাঙ্গা এলাকার রাজিব নামে আরেক যুবক আটক এবং সেও পুলিশি অভিযান চলাকালে পালিয়ে যায় মর্মে আরেকটি মামলা করা হয় থানায়।
তারেক/জারিফ





