বরগুনায় ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১১টায় বরগুনার জেলা প্রশাসকের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, উপজেলা ও জেলা পর্যায়ে মিটিং করে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। নগদ অর্থ ৮৪০০০০ টাকা, ১৪২ বান্ডিল টিন, ২৯৪ মেট্রিক টন চাল, ২০০০ কম্বল, শুকনো খাবারসহ বরগুনায় তিনটি মুজিব কেল্লা, বরগুনা সদরে উপজেলায় ১৮৫টি, তালতলী উপজেলায় ৫৩টি, আমতলী উপজেলায় ১১১টি, বেতাগী উপজেলায় ১১৪টি, পাথরঘাটা উপজেলায় ১২৪ টি, বামনা উপজেলায় ৫৫টিসহ মোট ৬৪২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ব্রাক ৩৫৫ জন, রেড ক্রিসেন্ট ৩০০ জন, জাগনারী ১৫০ জন, সিপিপি-৮৪৬০ জন, রোভার স্কাউট ৩৫০ জন, উৎসর্গ ফাউন্ডেশন ১৫০ জনসহ প্রায় মোট ৯৬১৫ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গঠন করা হয়েছে প্রায় অর্ধশতাধিক মেডিকেল টিম। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল খোলা হয়েছে। সব সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সচ্ছল ও প্রস্তুত রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ, জেলা এনজিও ফোরামের সভাপতি মোতালেব মৃধা, প্রেসক্লাব সভাপতি অ্যাড. সঞ্জীব দাস, পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক মো. হাসানুর রহমান ঝন্টু। এছাড়া রেডক্রিসেন্ট ও দুর্যোগ প্রস্তুতি কর্মসূচিসহ (সিপিপি), উৎসর্গ, বরগুনার সব সরকারি-বেসরকারি এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা।

এবিএস