ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের দেয়া হত্যা ও বাড়ীঘরে অগ্নি সংযোগের হুমকির বিষয়ে তদন্ত করতে প্রধান নির্বাচন কমিশন বরাবর এক চেয়ারম্যান প্রার্থী লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
বুধবার দুপুরে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এ নোটিশটি পাঠান। সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট এসএম জুলফিকার আলী জুনু তোফাজ্জল হোসেনের পক্ষে সরকারী ডাকযোগে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ নোটিশটি পাঠান।
নোটিশে আইনজীবী উল্লেখ করেন,ওই ইউনিয়নের আওয়ামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল মান্নান ও তার সন্ত্রাসী বাহিনী দ্বারা বর্তমান চেয়ারম্যান ও এবারের নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী তোফাজ্জল হোসেনকে নির্বাচন করা থেকে বিরত রাখতে প্রাণনাশ ও বাড়ীঘরে অগ্নি সংযোগের হুমকি দেয়া হয়।
নোটিশে তিনি বলেন, হাজী আব্দুল মান্নানের সহযোগী ও সমর্থক আনোয়ার হোসেন খোকা, ওমর আলী ওরফে ওমর ডাকাত, আব্দুর রশিদ মাস্তান, রহিম মাস্টার, কোব্বাত হোসেন দুল্লি, শামীম রেজা, গাহীউর রহমান গাজী, প্রফেসর নুর আলমসহ বেশ কয়েকজন ব্যাক্তি তোফাজ্জল চেয়ারম্যানকে অনুষ্ঠিতব্য আগামী ২৮ মের নির্বাচন থেকে বিরত থাকতে প্রাণনাশ ও বাড়ীঘরে অগ্নি সংযোগের হুমকি দেয় হাজী মান্নানের লোকেরা। বিষয়টি ফৌজদারী অপরাধ বলে তিনি নোটিশে উল্লেখ করেন।
এই আইনজীবী আরো বলেন, নির্বাচন সুষ্ঠু করতে ও নির্বাচনে লেভেল ফিল্ড তৈরি করতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনে প্রধান নির্বাচন কমিশন বরাবর এটি নোটিশটি দেয়া হয়েছে। একইসঙ্গে নোটিশটি স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক(আইজিপি), র্যাবের মহাপরিচালক, রাজশাহী পুলিশের প্রধান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক, জেলা নির্বাচন কমিশনার, রিটার্নিংক অফিসারসহ সংশ্লিষ্টদেরকে দেয়া হয়েছে।
এমআইএস





