মাদারীপুরে পারভীন বেগম (২৫) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নিহত গৃহবধূর স্বামী সম্রাট মাতুব্বরকে আটক করেছে।

সোমবার সকালে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের কুমারটেক গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কুমারটেক গ্রামের আনার উদ্দিন মাতুব্বরের ছেলে সম্রাট মাতুব্বরের সঙ্গে সাত বছর আগে একই উপজেলার ঘুনসি গ্রামের সালেনুর মাতুব্বরের মেয়ে পারভীন বেগমের বিয়ে হয়। তাদের ঘরে সাদিয়া আক্তার নামের পাঁচ বছরের একটি মেয়ে আছে। এ ছাড়া বর্তমানে ওই গৃহবধূ দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পারভীন বেগমকে গুরুতর আহত অবস্থায় সকালে স্বামী সম্রাট মাতুব্বর মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের বোন জেসমিন আক্তার বলেন, পারিবারিক কলহের জেরে পারভীন বেগমকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মাদারীপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) মো. শাহজাহান মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্বামী সম্রাট মাতুব্বরকে আটক করা হয়েছে।

কেএইচ