কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপির প্রার্থী কে এম মুজিবুল হক মুরাদনগর থানা ও বাঙ্গরা থানার ওসির প্রত্যাহার দাবি করেছেন। শুক্রবার বিকালে কুমিল্লার আলেখারচরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি করেন।
কে এম মুজিবুল হক আরও বলেন, ‘গত দুই দিনে দুই থানায় দুই শতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে চারটি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ২০ জনকে। মনে হচ্ছে নৌকার প্রার্থীর বিপক্ষে নির্বাচন করছি না। নির্বাচন করছি মুরাদনগর ও বাঙ্গরা থানার দুই ওসির বিরুদ্ধে। তারা প্রতিদিন নেতাকর্মীদের হয়রানি করছেন। ভালো মানুষ ধরে এনে, ডেকে এনে মাদক ও অস্ত্র দিয়ে চালান দিচ্ছেন।’ তিনি দুই ওসিকে প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।
অভিযোগের বিষয়ে বাঙ্গরা থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘কাউকে হয়রানির অভিযোগ সত্য নয়। বিএনপির প্রার্থী সহযোগিতা চাইলে আমরা ফোর্স দিয়ে তাকে সহযোগিতা করবো।’
মুরাদনগর থানার ওসি মঞ্জুর আলম বলেন, ‘মুরাদনগরের কোথাও বিএনপির নেতাকর্মীরা হয়রানির শিকার হয়েছে এমন কোনও ঘটনা ঘটেনি। বিএনপির প্রার্থী চাইলে আমরা তাকে সহযোগিতা করবো।’
জেড





