রাজধানীর বিমানবন্দর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খাওয়ায় একজন বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ বাসযাত্রী। শুক্রবার সকালে বিমানবন্দর এলাকার কাওলা ফুটওভার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১১টার দিকে ছালছাবিল নামের পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসটি উল্টে গেলে একজন বাসযাত্রী নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম তিনি জানাতে পারেননি।

আহত বাসযাত্রী সাইদুল ইসলাম (২৩) জানান, বাসটি টঙ্গি থেকে ঢাকায় আসছিল। এ সময় বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের সবযাত্রী আহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

সাইদুল ইসলাম ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে- জয়নাব বেগম (২০) তার স্বামী ইসমাইল হোসেন (৩০) তাদের মেয়ে ইশরাত জাহান (৫), রিনা আক্তার (২০), লুৎফর রহমান শামীম (৩৯), মিজানুর রহমান (৫০) ও রাহাতুন বিবি (৫০)।

রাহাতুন বিবি জানান, দুর্ঘটনায় তার দুই নাতনি সিয়াম (৯) ও সায়মা (৩)। তারা ঢাকা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন।

এএইচ