খুলনায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে ২ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুই সন্ত্রাসী গ্রেফতার করেছে। এ সময় একটি মোটরসাইকেল, একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগজিন ও ৩ রাইন্ড গুলি উদ্ধার করেছে।
বৃহস্পতিবার বিকালে নগরীর খান জাহান আলী ব্রিজের নিচে এ গোলাগুলির ঘটনা ঘটে। আহত পুলিশ কনস্টেবল দুজন, হলেন শিশির বিশ্বাস ও মিকাইল হোসেন। আহত দু’ পুলিশ কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম জানান, বিকাল পাঁচটার দিকে নগরীর হরিণটানা থানার সাচিবুনিয়া থেকে কয়েকটি মোটরসাইকেলে করে দ্রুত গতিতে ৪/৫জন যুবক নগরীর খানজাহান আলী (রূপসা) ব্রিজের দিকে যাচ্ছিল।
এ সময় পুলিশের সন্দেহ হলে পুলিশ তাদের গতিরোধ করে। তখন তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করতে থাকে। এ সময় পুলিশও তাদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। এ সময় দু’পক্ষের গোলাগুলিতে পুলিশ কনস্টেবল শিশির বিশ্বাস ও মিকাইল হোসেন এবং সন্ত্রাসী বেলাল হোসেন (২৮) ও লাভলু মিয়া আহত হয়।বাকি সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বেলাল হোসেন (২৮) ও লাভলু মিয়াকে গ্রেফতার এবং সন্ত্রাসীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। গ্রেফতারকৃত সন্ত্রাসী বেলাল হোসেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার হাড়িখালী গ্রামের শাহ আলমের ছেলে এবং লাভলু মিয়া নগরীর সোনাডাঙ্গা মোল্লাবাড়ী মোড় এলাকার সাত্তার মিয়ার ছেলে।
সহকারী পুলিশ কনস্টেবল কামরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেফতারকৃত সন্ত্রাসীরা বড় কোন সন্ত্রাসী গ্রুপের সদস্য।
এআই





