‘শত কোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করি না নিঃস্ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে শুক্রবার সকালে পরিস্কার পরিছন্নতা অভিযান, শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এ দিবসেই ঝাড়ু হাতে শহর পরিস্কার করতে নেমে পড়েন জেলা প্রশাসক আব্দুল গাফফার খানসহ আগত অতিথিরা।

জেলা প্রশাসক আব্দুল গাফফার জানান, জেলার সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অব্যাহত রাখার জন্য বলা হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার মোহাম্মদ তালুত, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, রওশনারা কবীর লিলি প্রমুখ।

বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

এসএইচ