টাঙ্গাইলের কান্দাপাড়া যৌনপল্লী উচ্ছেদ হওয়ার এক মাস ২০ দিন পর যৌনকর্মীরা আবারও ফিরতে শুরু করেছে। এর প্রতিবাদে টাঙ্গাইল অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি শহরের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে।
বৃহস্পতিবার দুপুরে প্রতিরোধ কমিটির ব্যানারে মুসল্লিরা টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করে। মিছিলটি কান্দাপাড়া যৌনপল্লীর দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে তারা সেখানেই অবস্থান নেয়।
এসময় উত্তেজনা সৃষ্টি হলে শহরের মেইন রোডের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ হয়ে যায়। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যৌনকর্মীরা মঙ্গলবার দুপুর থেকে কান্দাপাড়ায় ফিরতে শুরু করার পর সেখানে তারা বাঁশের খুঁটির সাহায্যে ঘর নির্মাণ করছে। যৌনকর্মীরা ফিরে আসার খবর শুনে প্রতিরোধ কমিটি বুধবার রাতেই শহরে মাইকিং করে মিছিলে সাধারণ মানুষকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।
গত ১২ জুলাই সন্ধ্যায় টাঙ্গাইল অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আন্দোলনের মুখে প্রায় দেড়শ’ বছরের পুরনো কান্দাপাড়া যৌনপল্লী থেকে অন্তত দুই হাজার যৌনকর্মী অন্যত্র চলে যায়।
পুনরায় ফিরে আসার পর যৌনকর্মীরা জানান, কোনো গোষ্ঠীর চাপের মুখে কিংবা ভয়-ভীতিতে তারা কান্দাপাড়া ছেড়ে যাবে না। পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদের চেষ্টা করে তাদের সরানো যাবে না বলেও তারা জানান।
টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর জানান, আইনশৃঙ্খলা রক্ষা করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রায় দেড়শ’ বছর আগে লৌহজং নদী তীরবর্তী কান্দাপাড়ায় যৌনপল্লীটি গড়ে ওঠে।
ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





