রংপুরে মশিউর রহমান উৎস (২৮) নামের এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উৎস স্থানীয় দৈনিক যুগের আলোর স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রংপুর জেলা শাখার সদস্য সচিব।

বৃহস্পতিবার সকালে নগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত উৎস নগরীর স্টেশন রোড এলাকায় বসবাস করতেন। তার এক মেয়ে রয়েছে।

নিহতের সহকর্মীরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার খালার বাসায় যাওয়ার কথা বলে অফিস থেকে বের হন উৎস। এরপর বৃহস্পতিবার সকালে ধান গবেষণা ইনস্টিটিউটের কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ও সহকর্মীরা গিয়ে উৎসের মরদেহ শনাক্ত করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, উৎসের মাথায় ছোরা দিয়ে আঘাত করা হয়েছে। কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

এআই