মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ভবেরচরে প্রাথমিক শিক্ষা বোর্ডের বই বোঝাই একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ২৭১৪) পেট্রল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক হারুণুর রশিদ (৪০) ও হেলপার আহত হয়েছে। পুড়ে গেছে বেশ কিছু বই।

এছাড়া আগুনে ট্রাকটির অর্ধেকের বেশি বই পুড়ে গেছে। ট্রাকটিতে ৩৭ হাজার ৮০৮টি বই ছিল বলে জানা গেছে।

সোমবার সকালে ঢাকা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে যাওয়ার সময় জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ হামলা চালায় দূর্বৃত্তরা। ট্রাকটি বর্তমানে গজারিয়া থানার হেফাজতে রয়েছে।

ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার।

তিনি বলেন, হামলার পরপরই ট্রাক থেকে দ্রুত নামতে গিয়ে চালক হারুন অর রশিদ (৪০) সামান্য আহত হন। তবে, তার সহকারীর কোনো ক্ষতি হয়নি।

চালকের বরাত দিয়ে এসপি বিপ্লব বলেন, ঢাকা থেকে প্রাথমিক পর্যায়ের বইগুলো নিয়ে ট্রাকটির লক্ষ্মীপুরের রায়পুর, রামগতি, কমলনগরে পৌঁছে দেওয়ার কথা ছিল।

“হামলাকারীরা প্রথমে একটি পেট্রোল বোমা ছুড়লে সেটি ট্রাকের সামনের কাচে লাগে, এর পর আরও একটি বোমা ছোড়ার আগে চালক ও তার সহকারী ট্রাক থেকে নেমে যায়।”

এরই মধ্যে কিছু দূরে থাকা পুলিশ আসতেই হামলাকারী দুই যুবক বোমাগুলো ফেলেই পালিয়ে যায়।

পুলিশ ও আশপাশের লোকজন মিলে ট্রাকের আগুন নিভিয়ে ফেলে।

চালক রশিদ বলেন, আগুনে বেশ কিছু বই ও ট্রাকের কিছু অংশ পুড়ে গেছে।

এমকে