অ্যালকোহল মনে করে কেমিক্যাল খেয়ে রাজশাহীতে ‘টিম ফার্মাসিউটিক্যাল’ নামে একটি ওষুধ কারখানার তিন কর্মীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ৭ জন।

মারা যাওয়া ৩ কর্মী হলেন- গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের চব্বিশনগর ডাইংপাড়া গ্রামের মৃত তোফিজুল ইসলামের ছেলে বকুল হোসেন (৩৮), ইউসুফ আলীর ছেলে তোহিজুল ইসলাম (২৫) এবং  সিরাজুল ইসলামের ছেলে দুলাল (২৫)।

গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, রাজশাহী নগরীর সপুরা এলাকায় অবস্থিত ওই ওষুধ কারখানার কয়েকজন শ্রমিক সোমবার রাতে অ্যালকোহল মনে করে আধা লিটার পরিমাণের একটি কেমিক্যালের বোতল চুরি করে।

পরে তা কোমল পানীয়র সঙ্গে মিশিয়ে ১২ জন শ্রমিক পান করে। এদের মধ্যে ৯ জন বুধবার রাতে প্রচণ্ড বুক ব্যথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

এদের মধ্যে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে প্রথমে বকুল হোসেন এবং এর কিছুক্ষণ পর তোহিজুল ও দুপুরে দুলাল মারা যান।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জালাল উদ্দিন বলেন, বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছেন। তবে কোন ধরনের বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়েছেন- তা পরীক্ষার পর বলা যাবে।

রিশিকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, রাসায়নিক পানে গ্রামের অন্তত ১০ জন অসুস্থ হন। সবাইকে নেয়া হয় হাসপাতালে।

এর মধ্যে বৃহস্পতিবার ভোর থেকে বিকাল পর্যন্ত তিনজন মারা যান। খবর পেয়ে সকালেই তিনি ওই গ্রামে গিয়েছিলেন। সেখান থেকে একটি বোতল উদ্ধার করে তিনি পুলিশকে দেন। ওই বোতলে করেই নিহতরা রাসায়নিক এনেছিলেন।

এদিকে, এ ঘটনায় টিম ফার্মাসিউটিক্যালসের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে রাজশাহী মহানগর পুলিশ।নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) আমির জাফর বলেন, 'কর্মকর্তারা তাদের জানিয়েছেন, ওই রাসায়নিক আসলে বিষাক্ত অ্যালকোহল।

খোলা ড্রামে করে সেগুলো রাখাছিলো। মূলত পরিচ্ছন্নতা ও ওষুধ তৈরিতে এগুলোর ব্যবহার হয়। না জেনেই তা নিয়ে গিয়েছিলো কর্মীরা।'এনিয়ে নগর পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

এমএ