৯ বছর পর জয়পুরহাট জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল আগামীকাল রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রোববার সকাল ১০টায় জয়পুরহাট স্টেডিয়াম মাঠে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. নাসিম এ কাউন্সিলের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় একাধিক নেতারা কাউন্সিলে উপস্থিত থাকবেন।

জানা গেছে, ২০০৫ সালের ৪ অক্টোবর জয়পুরহাট আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল।  কাউন্সিলকে ঘিরে ইতিমধ্যে প্রার্থীতা ঘোষণা করেছেন জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। সভাপতি পদে বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু ছাড়াও সহসভাপতি মোল্লা শামছুল আলম ও সহসভাপতি গোলাম হক্কানী।

সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এসএম সোলায়মান আলী ছাড়াও  আওয়ামী লীগ নেতা জাকির হোসেন ও পিপি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল নিজেদের নাম ঘোষণা করেছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এসএম সোলায়মান আলী বলেন, ইতিমধ্যেই জেলার সকল উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বরের কাউন্সিলকে সফল করতে সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। কাউন্সিলে আওয়ামী লীগের নেতারাসহ ৩০ হাজার কর্মীসমর্থকদের আগমন ঘটবে বলেও আশা করেন তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট. সামছুল আলম দুদু বলেন, কাউন্সিলকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কাউন্সিলকে কেন্দ্র করে প্রতিদিনই বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

জেআই