কুষ্টিয়ায় ছাপাখানার ম্যানেজার ও শহর শিবিরের সভাপতিসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সুলভ প্রেসের ম্যানেজার কাজী আনোয়ার হোসেন (৬৬), ছাপাখানার কর্মচারী মাসুম বিল্লাহ (২৬), শাহিন উদ্দিন (২৬) এবং শহর ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান পলাশ।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনাচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, মঙ্গলবার রাতে শহরের গার্লস স্কুল এলাকার সুলভ প্রেস থেকে জামায়াত শিবিরের প্রচারপত্রসহ সুলভ প্রেসের ম্যানেজার কাজী আনোয়ার হোসেন, ছাপাখানার কর্মচারী মাসুম বিল্লাহ ও শাহিন উদ্দিনকে আটক করা হয়।
পরে তাদের স্বীকারোক্তিতে মঙ্গলবার দিবাগত ভোররাতে কুষ্টিয়া শহর ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান পলাশকে আটক করা হয়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে মোস্তাফিজুর রহমান পলাশের বাড়ি থেকে ছয়টি পেট্রোল বোমা ও ১০টি ককটেল উদ্ধার করে।
আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় নাশকতার ষড়যন্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ।
কেএইচ





