নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহিমকে (৫০) অপহরণ করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার রাতে উপজেলার চন্দ্রগঞ্জ-ছয়ানী সড়কের ছয়ানী রাস্তার মাথায় এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত মো. আবদুর রহিম উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের দৌয়ালিয়া গ্রামের মৃত আবদুল মমিনের ছেলে।
পুলিশ ও অপহৃতের পরিবার সূত্রে জানা গেছে, রাতে উপজেলার চন্দ্রগঞ্জ-ছয়ানী সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন রহিম। পথে ছয়ানী রাস্তার মাথায় তার ওপর হামলা চালায় সন্ত্রাসী আলম বাহিনীর সদস্যরা। এ সময় তারা অস্ত্রের মুখে জিম্মি করে আবদুর রহিমকে আলাইয়াপুরের বালুচরা এলাকার দিকে নিয়ে যায়।
বেগমগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) আইনুল হক জানান, খবর পাওয়ার পর থেকে আবদুর রহিমকে উদ্ধারের জন্য ওই এলাকাসহ আশপাশের এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কেএইচ





