বাংলাদেশে যাত্রী পরিবহণে বড়সড় পদক্ষেপ নিল বাংলাদেশ রেল। বুধবার চালু হল ‘বেনাপোল এক্সপ্রেস’। ট্রেনটির নাম রেখেছেন প্রধানমন্ত্রী হাসিনা নিজেই।
একই অনুষ্ঠানে তিনি ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী আন্তঃনগর বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’র যাত্রাপথ চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পতাকা নেড়ে হুইসেল বাজিয়ে এ নতুন ট্রেন উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, রেল খাতের উন্নয়নের জন্য শুধু নতুন বগি ও ইঞ্জিন সংগ্রহ করলেই হবে না। পাশাপাশি রেল লাইন ও সেতুগুলোরও আধুনিকায়ন ও উন্নয়ন করতে হবে। রেল সেবাকে দ্রুততম ও আরামদায়ক করতে বর্তমান সরকার দ্রুতগতি সম্পন্ন ট্রেনের পাশাপাশি বৈদ্যুতিক ট্রেন চালু করার পরিকল্পনা করেছে। উন্নয়নের জন্য যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য রেল সেবাকে আধুনিকায়ন ও গতিশীল করার পাশাপাশি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া আমাদের লক্ষ্য।
১২ বগির বেনাপোল এক্সপ্রেসে থাকছে মোট ৮৯৬ আসন। ঢাকা ও বেনাপোলের মধ্যে প্রতিদিনই চলবে এই ট্রেন। থামবে ঈশ্বরদি, যশোর, ও ঢাকা বিমানবন্দর স্টেশনে।
প্রধানমন্ত্রী বলেন, দেশে এমন অনেক মানুষ আছে যারা রেল লাইন দেখেনি এবং আমরা রেল লাইনকে তাদের কাছে নিয়ে যাচ্ছি এবং এভাবে আমরা রেল নেটওয়ার্ক তৈরি করছি।
প্রতিদিন সকাল সাড়ে এগারোটায় বেনাপোল থেকে ছেড়ে বেনাপোল এক্সপ্রেস ঢাকা পৌঁছাবে সন্ধে সাতটায়। অন্যদিকে, ঢাকা থেকে রাত সাড়ে বারোটায় ট্রেনটি ছেড়ে ঢাকা পৌঁছাবে সকাল আটটায়।
সাধারণ শ্রেণির জন্য টিকিটের দাম বাংলাদেশি মুদ্রায় ৫০০ টাকা, এসি চেয়ারকারের জন্য ১০০০ চাকা ও এসি কেবিনের জন্য ১২০০ টাকা
রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন। পরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল এবং চাঁপাইনবাবগঞ্জ প্রান্তের জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
এএস





