যশোর সেনানিবাসের ভেতর থেকে এক সেনাসদস্যকে গলাকেটে হত্যা করা হয়েছে। তার নাম হেলাল উদ্দিন। হেলাল ৮ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তাঁর সৈনিক নম্বর ১৪৪৭৯২৫।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা মঞ্জুর আলী খান জানান, হেলাল উদ্দিনসহ ১১ জন সেনা-ব্যারাকের একটি কক্ষে থাকতেন। গভীর রাতে কেউ তাঁর গলা কেটে দেয়। এর পর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে রাত ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওই পুলিশ কর্মকর্তা জানান, নিহত হেলাল আট বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ গ্রামের নূরুল হকের ছেলে। ঘটনা তদন্তে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ মোসাদ্দেক ঘটনাস্থলে গেছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাস আলী জানান, লাশ উদ্ধারের কথা জানিয়ে সেনানিবাস থেকে একটি চিরকুট থানায় যায়।

এর পর এসআই মিরাজ ঘটনাস্থলে গিয়ে জানান, গলাকেটে হেলালকে হত্যা করা হয়েছে। এর পর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে ওসি নিজেই ঘটনাস্থলে গেছেন।

এমআর