বরেণ্য সাংবাদিক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ শনিবার দুপুরে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইজিপির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

বেনজীর আহমেদ বলেন, ‘আমাদের সাংবাদিকতা ও সাংস্কৃতিক জগতে কামাল লোহানী ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র এবং অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। দেশের শিল্পাঙ্গন ও সাংস্কৃতিক জগতে অনন্যসাধারণ অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে পূর্ব বাংলার শিল্পীদের নিয়ে কামাল লোহানী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আইজিপি বলেন, ‘কামাল লোহানী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে শত্রুমুক্ত করেছেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা হিসেবে কামাল লোহানীর সাহসী ভূমিকা বাঙালি জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। জনগণের মৌলিক অধিকার আদায়ের আন্দোলনে আজীবন সোচ্চার ছিলেন তিনি।

কামাল লোহানীর মৃত্যুতে আমাদের সাংবাদিকতা, শিল্প ও সাংস্কৃতিক জগতে এক গভীর শূন্যতার সৃষ্টি হলো। জাতি হারাল একজন আদর্শবান, মেধাবী ও গুণী মানুষ।’

আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কামাল লোহানী আজ শনিবার সকাল সোয়া ১০টায় মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এএস