বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আপনার রাজনীতির মৃত্যু হয়েছে। মানুষ পুড়িয়ে হত্যার দায়ে আপনাকে জেলে যেতে হবে।

শনিবার দুপুরে শহীদ সামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বিকেলে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুলকে সভাপতি ও এম এ খালেককে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটির নাম ঘোষণা করেন মাহবুব-উল আলম হানিফ।

খালেদা জিয়াকে বাকী জীবনটা জেলে বসেই কাটাতে হবে মন্তব্য করে হানিফ বলেন, আন্দোলনের নামে পেট্রোলবোমা মেরে পুড়িয়ে মানুষ হত্যা করবেন আর জনগণ আপনাকে ছেড়ে দেবে এটা হবে না।

তিনি বলেন, অগণতান্ত্রিক ও অবৈধ হরতাল-অবরোধ শুধু সাধারণ জনগণই নয়, তার নিজের দলের নেতাকর্মীরাও প্রত্যাখ্যান করেছেন। যার জন্য বেগম খালেদা জিয়া প্রতিশোধ নিতে দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

খালেদা জিয়াকে বাংলাদেশের জন্য ডাইনি আখ্যায়িত করে তিনি বলেন, মানুষ হত্যা করে তিনি এখন উল্লাস করেন।

সস্মেলনে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন।

জেআই