প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের মধ্য দিয়ে ১০ম জাতীয় সংসদের ৩য় অধিবেশনের ৮ম কার্যদিবস শুরু হয়েছে।
বুধবার বিকাল ৫টা ০৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
শুরুতেই রয়েছে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। এর পরে মন্ত্রিদের প্রশ্নোত্তর। ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের ওপর আলোচনা। আইন প্রণয়ন কার্যাবলীতে আজ ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) বিল-২০১৪ পাস হবে।
এটি দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। গত ০৫ জানুয়ারি সংসদ নির্বাচনের পর ১৩ জানুয়ারি সরকার গঠন করে ২৯ জানুয়ারি প্রথম অধিবেশন শুরু হয়। এরপর ৩ জুন দ্বিতীয় ও বাজেট অধিবেশন চলে ৩ জুলাই পর্যন্ত। এরই মধ্যে প্রথম বারের মতো বিরোধী দলের পূর্ণ সমর্থন নিয়ে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পাশ হয়।
সংসদীয় গণতন্ত্র চালু হবার পর প্রথম বারের মতো নির্বাচন বর্জন করায় সংসদে নিজেদের অস্তিত্ব হারিয়েছে বিএনপি। এ সুযোগে প্রথমবারের মতো বিরোধী দলের ভূমিকায় জাতীয় পার্টি। যদিও সরকারেও তাদের অংশগ্রহণ রয়েছে। এ নিয়ে শুরু থেকেই বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট জনেরা।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





