মানিকগঞ্জের পাটু‌রিয়া ও রাজবাড়ি জেলার দৌলতদিয়া নৌপথে ফেরি’সহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে।

ঘন কুয়াশার কারণে আজ (সোমবার) সকাল ৭টা থেকে নৌযান চলাচল বন্ধ করা হয়।

নৌপথ কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় এই ফেরি চলাচল। এ সময় যাত্রী ও যানবাহন বোঝাই চারটি ফেরি মাঝ নদীতে নোঙর করেছে।

আর ফেরি পারের অপেক্ষায় উভয় পাড়ের ঘাট এলাকায় বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের প্রায় পাঁচ শতাধিক যানবাহন আটকে পড়েছে। শীতে যাত্রী ও যানবাহন শ্রমিকসহ সংশ্লিষ্টরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক না‌ছির মোহাম্মদ চৌধুরী জানান, যাত্রী ও যানবাহন নিয়ে পারাপারের সময় ঘন কুয়াশায় নৌপথ দেখতে না পেয়ে চারটি ফেরি মাঝ নদীতে নোঙর করে। এর পরপরই দুর্ঘটনা এড়াতে অন্য ফেরিগুলো বন্ধ করে দেওয়া হয়।

পাটুরিয়া ঘাটে দুটি, দৌলতদিয়া ঘাটে ১১‌টি ফেরি পন্টুন এবং এর আশেপাশে বেঁধে রাখা হয়েছে। কুয়াশার তীব্রতা কেটে গেলে অগ্রাধিকার ভিত্তিতে আটকে পড়া সব যানবাহন পারাপার করা হবে বলেও জানান ব্যবস্থাপক।

এমবি