খুলনার কয়রা উপজেলায় বিএনপি কার্যালয়ে বসে গোপনে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি জানাজানি হওয়ার পর জাতীয় পার্টির পদবঞ্চিত নেতারা রোববার জরুরি সভা ডেকে তা প্রত্যাখ্যান করেন।

বৃহস্পতিবার খুলনা জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মধু নিজের পছন্দনীয় ব্যাক্তিদের সমন্বয়ে এ কমিটি ঘোষণা করেন বলে স্থানীয় পদবঞ্চিত নেতারা জানিয়েছেন।

এ প্রসঙ্গে শফিকুল ইসলাম মধু বলেন, ‘কয়রা উপজেলায় জাতীয় পার্টির স্থায়ী কোনো কার্যালয় না থাকায় স্থানীয় কর্মীরা একটি কক্ষ ভাড়া করে। সেখানে মিটিং করা হয়েছে। সেটা বিএনপি অফিস কিনা জানি না। তবে আমার যতদুর মনে পড়ে সেটা বিএনপি অফিস ছিল না।’

এদিকে কয়রা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শামসুদ্দীন আহমেদ বলেন, ‘কয়রা উপজেলায় জাতীয় পার্টির প্রতিষ্ঠালগ্ন থেকে আমার পিতা এবং আমরা নেতৃত্ব দিচ্ছি। এখানে জাতীয় পার্টির নিজস্ব একটি কার্যালয় রয়েছে। উনি (শফিকুল ইসলাম মধু) এমনটি করলেন কেন জানি না। এতে স্থানীয় জাতীয় পার্টিতে বিভক্তি দেখা দিয়েছে।’

কয়রা উপজেলা জতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য সচীব মনজুর হোসেন লাবলু বলেন, ‘অফিসটি আগে বিএনপির ছিল। এখন নেই।’ তবে দলীয় কার্যালয় বাদ দিয়ে সেখানে সভা করা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

খুলনা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সুনীল শুভ রায় বলেন, ‘কয়রা উপজেলায় কমিটি গঠন সম্পর্কে আমার জানা নেই। তবে যদি হয়েই থাকে তা অন্য একটি দলের কার্যালয়ে কেন হবে। এমনটি যদি ঘটে তবে তা খুবই দুঃখজনক ঘটনা। বিষয়টি খতিয়ে দেখতে হবে।’

এদিকে, থানা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। তবে জাতীয় পার্টির কিছু কর্মীকে ইদানিং আমাদের অফিসে আসতে দেখা যায়।’

কেএইচ