মাল্টিপ্লাগ বিস্ফোরণে নারায়ণগঞ্জে ফতুল্লার একটি বাসায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার তল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— সুফিয়া বেগম (৪০), বড় ছেলে শফিকুল ইসলাম শুভ (১৮), ছোট ছেলে সৃজন আহমেদ (১৬) ও মেয়ে সেজুতি আক্তার (১২)।

তাদের মধ্যে শফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।

আহতদের একজন শুভ জানান, রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পর মাল্টিপ্লাগ মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে আসায় মাল্টিপ্লাগ বিস্ফোরণ হলে আগুনের ফুলকি ছিটে এসে তিনিসহ পাশে থাকা পরিবারের অন্য সদস্যদের শরীরে লাগে। এতে তারা দগ্ধ হন।

পরে তারা বাবা ফয়েজ আহমদ তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন।

দগ্ধদের মধ্যে শফিকুলের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমান।

কেএইচ