খুলনা নগরীতে ছাত্রলীগ নেতার বাসায় বোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে নগরীর পূর্ব রূপসা ব্যাংকের মোড়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবু আহাদ হাফিজ বাবুর বাসায় বোমা হামলার ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এলাকাবাসীর সূত্রে জানাযায়, পূর্ব রূপসা ব্যাংকের মোড়ে ছাত্রলীগ নেতা আবু আহাদ হাফিজ বাবুর বাসভবনের দ্বিতীয় তলা লক্ষ্য করে দুর্বৃত্তরা দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে বাসভবনের নিচতলার ওয়ালটনের শো রুম এবং দ্বিতীয়তলার জানালার গ্লাসসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

বাবু রূপসা চিংড়ি বণিক সমিতির সাধারণ সম্পাদক। তবে ঘটনার পর থেকে স্থানীয় ওষুধ ব্যবসায়ী মুজিবুর রহমানের ছেলে মুস্তাফিজ নিখোঁজ রয়েছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। কিন্তু পরবর্তী সময়ে তার সন্ধান পাওয়া গেছে বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এআই