কলেজছাত্রীকে কোপানোর ঘটনায় শাবি ছাত্র বদরুল বহিষ্কার ঘটনার পরপরই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুলকে আটক করে পুলিশ।
ঘটনার পরপরই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুলকে আটক করে পুলিশ
সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগমকে কোপানোর ঘটনায় বদরুল ইসলামকে বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানান উপাচার্য আমিনুল হক ভূইয়া।
তিনি বলেন, প্রক্টরিয়াল কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বদরুল বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের অনিয়মিত ছাত্র বলেও জানান উপাচার্য।
সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজাকে সোমবার বিকালে এমসি কলেজ ক্যাম্পাসে কুপিয়ে গুরুতর জখম করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল। ঘটনার পরপরই তাকে আটক করে পুলিশ।
গুরুতর অবস্থায় খাদিজাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাকে ঢাকায় পাঠানো হয়েছে।।এদিকে কোপানোর ঘটনায় বদরুলকে আসামি করে মামলা করেছেন খাদিজার চাচা।





