ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে সংযুক্ত ১৬ ইউনিয়ন পরিষদে শুরু থেকেই সমন্বিত পরিকল্পনামাফিক সেবা চালু করতে চায় কর্তৃপক্ষ। এ জন্য নতুন হালনাগাদ প্রক্রিয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ।
দুই সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন সংযুক্ত এসব ইউনিয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা তৈরি করেছেন ঢাকার দুই মেয়রসহ সংশ্লিষ্টরা।
যার মধ্যে ইউপিগুলোর সীমানা নির্ধারণ, নতুন অঞ্চল নির্ধারণ, আঞ্চলিক কার্যালয়, ওয়ার্ড কার্যালয়, জনবল নিয়োগ, মাস্টার প্ল্যান, স্ট্রিট লাইট স্থাপন, ড্রেনেজ ব্যবস্থা, পশু জবাইয়ের স্থান নির্ধারণ, নতুন ট্রেড লাইসেন্স প্রদান ও হোল্ডিং ট্যাক্স।
এ ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), তিতাস, ওয়াসাসহ সকল সেবা প্রদানকারী সংস্থাগুলোর উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার জন্য অর্থায়ন বরাদ্দ দেওয়া হবে নতুন সিটি করপোরেশনের আওতায় আনা এলাকাগুলোতে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে ইতিমধ্যে আট ইউপি চেয়ারম্যানের বৈঠক হয়েছে। সেখানে নানা উন্নয়ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান একাধিক ইউপি চেয়ারম্যান।
জানা গেছে, সংযুক্ত ইউপি এলাকায় নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে চাইলে সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে। এর আগে যারা ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়েছেন তাদের তালিকা সিটি করপোরেশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে এই নতুন লাইসেন্স ফি নির্ধারণ করা হবে। একই সঙ্গে ট্যাক্স নির্ধারণের বিষয়টি নিয়েও স্থানীয়দের পরামর্শ নেওয়ার কাজ করছে সিটি করপোরেশন।
এ ছাড়া নতুন সিটি করপোরেশন এলাকায় ভবন নির্মাণের নকশা অনুমোধন বন্ধ রয়েছে। যারা এর মধ্যে নকশা অনুমোদন নিয়েছে সেগুলোর একটি তালিকা সিটি করপোরেশনে প্রেরণ করতে হবে। তবে এর আগে যারা নকশা অনুমোদন নিয়েছেন তারা ভবন নির্মাণ কাজ শুরু করতে পারবেন।
সংযুক্ত ইউপিগুলোকে ড্রেনেজ ব্যবস্থার আওতায় আনতে প্রাথমিকভাবে এলাকার ড্রেনেজ অবস্থানের তালিকা সিটি করপোরেশনে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ১৬ ইউপি চেয়ারম্যানকে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা যায়, ইউপির অধীনে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং ভৌত অবকাঠামোর তালিকা তৈরি করে সিটি করপোরেশনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইউপির নিজস্ব অর্থায়নে স্ট্রিট লাইট স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে আসন্ন কোরবানি ঈদে সংযুক্ত ইউপি এলাকায় ৭৫টি অস্থায়ী কোরবানি পশু জবাইয়ের স্থান নির্ধারণ করা হবে। এর জন্য স্থানীয় চেয়ারম্যানদের নেতৃত্বে একটি করে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটিতে মসজিদের ইমাম ও কসাইদের তালিকার পাশাপাশি কোরবানি দাতাদের নির্ধারিত স্থানে পশুজবাই দিতে উৎসাহিত করার জন্য প্রচারের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।
ঢাকায় সংযুক্ত ইউপি এলাকায় প্রকল্প বাস্তবায়নের জন্য বিশ্বব্যাংকসহ বেশ কয়েকটি বিদেশি দাতা সংস্থা কাজ করবে বলে জানা গেছে।
এসব বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল বলেন, অল্প দিনের মধ্যে সংযুক্ত ইউপি এলাকায় সকল ধরনের উন্নয়ন কাজ শুরু হবে। এ জন্য সংশ্লিষ্টদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। নতুন ইউপির জন্য মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে নগর পরিকল্পনাবিদের সঙ্গে শিগগির বৈঠকে বসবো।
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আশপাশের ১৬টি ইউনিয়নকে করপোরেশনের সঙ্গে যুক্ত করার জন্য গত ৯ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন সিদ্ধান্ত দেন। এতে ঢাকা উত্তর সিটিতে আটটি এবং দক্ষিণ সিটিতে আটটি ইউনিয়ন যুক্ত হয়।
এমএনজে





