দিল্লির হিন্দুত্ববাদীদের নখরে প্রতিনিয়ত আামাদের মহান পতাকা আজ রক্তাক্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন পেশাজীবী পরিষদের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।
তিনি বৃহস্পতিবার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় এ মন্তব্য করেন।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডা. এম এ মাজেদ স্মরণে এই নাগরিক স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।
মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শত নাগরিক পরিষদের আহ্বায়ক প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ড. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক নেতা সৈয়দ আব্দাল আহমেদ, এম আব্দুল্লাহ, কাদের গণি চৌধুরী, কবি আব্দুল হাই শিকদার।
স্মরণসভায় পেশাজীবী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. আব্দুল লতিফ, অধ্যাপক ড. সদরুল আমিন, ড. আক্তার হোসেন, ডা. এম এ কুদ্দুস প্রমুখ।
মাহমুদুর রহমান বলেন, সারা পৃথিবীতে যখন একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকে তারা প্রধানত আমলা এবং বিশেষ গোষ্ঠি দ্বারা রাষ্ট্র পরিচালনা করে। আজকে বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশও আজকে পুলিশ এবং আমলা দ্বারা পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, যখন একটি রাষ্ট্র পুলিশ এবং আমলা দ্বারা পরিচালিত হয়, সেই রাষ্ট্রে মেধার কোন মূল্য থাকেনা, সেখানে পেশাজীবীদের কোন মূল্য থাকেনা।
তিনি ব্যক্তিগত ধারণা উল্লেখ করে বলেন, আমারও পেশার বয়স চল্লিশ বছর, বর্তমান অবস্থায় পেশাজীবীরা যেভাবে অবমূল্যায়িত ও উপেক্ষিত হচ্ছে আমার দেখা চল্লিশ বছরের ইতিহাসে কখনও এত অবমূল্যায়িত হয়নি।
মাহমুদুর রহমান বলেন, এমনকি স্বৈরাচার এরশাদের আমলেও হয়নি। কারণ বর্ণনা করতে গিয়ে তিনি উল্লেখ করেন, এরশাদ তো একজন স্বৈরাচার ছিলেন, আর বর্তমান সরকার পরিচালিত হচ্ছে একজন ফ্যাসিবাদী শেখ হাসিনা ও একজন স্বৈরাচারী এরশাদ কর্তৃক। যে এরশাদের পতন হয়েছিল ১৯৯০ সালে সেই স্বৈরাচারের পূণঃআবির্ভাব হয়েছে শেখ হাসিনার কাঁধে চড়ে।
মাহমুদুর রহমান বলেন, এ কাজটি সম্ভব হয়েছে কারণ বাংলাদেশ সরকার প্রকৃতপক্ষে দিল্লি দ্বারা পরিচালিত হচ্ছে। তিনি উল্লেখ করেন, আমাদের যে স্বাধীনতার মহান পতাকা, সেই পতাকা এখন দিল্লির হিন্দুত্ববাদীদের নখরে প্রতিনিয়ত রক্তাক্ত হচ্ছে ।
তিনি এমাজউদ্দিনের বক্তব্যের সূত্র ধরে বলেন, স্বাধীনতার একটি চিহ্ন হচ্ছে ‘সঠিক নির্বাচন’, সেটা যদি সত্যি হয়ে থাকে; তাহলে বাংলদেশের স্বাধীনতা ২০১৪ সালের ৫ জানুয়ারি শেষ হয়ে গেছে। কারণ ২০১৪ সালের ৫ জানুয়ারি দিল্লির দ্বারা একটি নির্বাচনের নামে তামাশা অনুষ্ঠিত হয়েছিল ।
তিনি আরো বলেন, এখন আমাদের দেশের স্বাধীনতা পুনরুদ্ধারের লড়াই চলছে। আর এ লড়াইয়ে আমাদের অবশ্যই সাহস নিয়ে ময়দানে নামতে হবে।
মাহমুদুর রহমান বলেন, আপনারা এই আশা করবেননা যে বর্তমানে যেই ফ্যাসিবাদ এবং স্বৈরাচার দেশ পরিচালনা করছে, তারা একটি চমৎকার নির্বাচন দিয়ে দিবে, যাতে করে তারা ক্ষমতা থেকে বিদায় নেয় এবং একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে, এটা আকাশ কুসুম কল্পনা। কারণ পৃথিবীর কোন স্বৈরাচার, কোন ফ্যাসিবাদ এই কাজটি করেনি। সুতরাং পৃথিবীর সকল ফ্যাসিবাদকে যেভাবে জনতার অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত করা হয়েছে, বাংলাদেশেও তার ব্যত্যয় হবেনা।
আলোচনার মাধ্যমে শেখ হাসিনা আপনাদেরকে নির্বাচনের অধিকার দিবেননা উল্লেখ করেন মাহমুদুর রহমান দেশবাসিকে সতর্ক থাকারও আহ্বান জানান।
স্মরণসভায় ডা. আব্দুল মাজেদের রুহের মাগফেরাত কামনা করা হয়। সভাশেষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
কেবি





