অর্থ আত্মসাতের মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দুজন প্রকৌশলীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে নয়টার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. ছাইদুর রহমান এবং রাজউকের নির্বাহী প্রকৌশলী এবং গুলশান-বনানী-বারিধারা ও উত্তরা লেক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মনোয়ারুল ইসলাম।

গ্রেফতারের পর রাত সোয়া ১০টার দিকে তাদেরকে রমনা থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

তিনি বলেন, ‘তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। দুদক কর্মকর্তাদের সাথে আমরা কথা বলছি। রাজউকের পূর্বাচল প্রকল্পে সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের মামলার এজাহারভুক্ত আসামি এই দুই জ্যেষ্ঠ প্রকৌশলী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় দুদকের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।’

এমএনজে