খুলনার তেরখাদায় ওষুধ ব্যবসায়ী ফিরোজ শেখ হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪ জনকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: ইয়ারব হোসেন এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ফরিদ মোল্লা, মিসবাহ মোল্লা, মোর্তজা মোল্লা ও টুটুল মোল্লা।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মুক্ত মোল্লা, শহিদুল শিকদার, সেলিম শিকদার, নাসির শিকদার ও মেহেদী মোল্লা। আসামিরা সবাই তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ২০১০ সালের ১৫ আগস্ট আসামিদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন ফিরোজ শেখ। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৩দিন পর ফিরোজ শেখের ভাই হিরু শেখ বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে তেরখাদা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি আব্দুর রাজ্জাক ২০১৩ সালের ৬ ডিসেম্বর ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
এমবি





