হাদি হত্যার ঘটনার ৫৪ দিন পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তার স্বজন ও সহকর্মীরা। এ প্রেক্ষিতে গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তারা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েন।

একপর্যায়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে পুলিশ জলকামান ব্যবহার করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ চালায়। এতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ অন্তত ১১৭ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর এনসিপি ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ঢাকা মেডিকেল ও শাহবাগ এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন। রাত গভীর হলেও তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় পুলিশের সঙ্গে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত অবস্থায় দেওয়া এক ভিডিও বার্তায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এই হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, হাদি হত্যার বিচার না হলেও নির্ধারিত তারিখেই নির্বাচন হতে হবে। তবে নির্বাচনের পর ক্ষমতায় আসা সরকার যদি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না করে, তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এনএইচ